
ঢাকা, ৬ মার্চ (হি.স.): বাংলাদেশের রাজধানী ঢাকার তুরাগের কামারপাড়া এলাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে কামারপাড়ার ১০ নম্বর সেক্টরের একটি ভবনের দ্বিতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের সকলকেই চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঢাকার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দগ্ধদের মধ্যে রয়েছেন রুবেল (৩০), তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাঁদের তিন বছরের শিশুসন্তান রোজা, সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের তুতো ভাই এনায়েত (৩২), তাঁর স্ত্রী দেলেরা (২৮) এবং তাঁদের ছেলে জুনায়েদ (১০)। এ ছাড়াও এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), ভাইঝি আয়েশা (১৯) এবং আবুল কালাম রুবেল (৩৫) এই বিস্ফোরণে আহত হয়েছেন।
এনায়েতের ভাইপো সাজেদ মাতব্বর জানান, বিস্ফোরণটি রুবেল ও সোনিয়ার ফ্ল্যাটেই ঘটেছিল। রুবেল পেশায় একজন চালক। অন্যদিকে এনায়েত সম্প্রতি দুবাই থেকে বাংলাদেশে ফিরেছেন। সাজেদ আরও জানান, ভোরে বিকট শব্দ শুনে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসেন। বিস্ফোরণের তীব্রতায় দ্বিতীয় তলার দেওয়ালের কিছু অংশ ভেঙে পড়েছে।
তুরাগ থানার সাব-ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, প্রাথমিক অনুমান, রাতে সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়েছিল। সকালে রান্নার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করতেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বার্ন ইনস্টিটিউটের সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, সোনিয়ার শরীরের ১০০ শতাংশই পুড়ে গিয়েছে। রুবেল, রোজা, হাবিব, রিয়া ও এনায়েতের অবস্থাও আশঙ্কাজনক। এ ছাড়া দেলেরা ১৪ শতাংশ এবং আবুল কালাম রুবেলের শরীরে ৭ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিদেরও চিকিৎসা চলছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি