
কলকাতা, ৬ মার্চ (হি. স.) : উত্তর ২৪ পরগণা জেলার বারাসতের নীলগঞ্জে অবস্থিত অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘পূর্বাঞ্চল আন্তঃ বিশ্ববিদ্যালয় মহিলা দাবা প্রতিযোগিতা’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৫–২৬ মরসুমের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার খেতাব জিতে চ্যাম্পিয়ন হয়েছে আয়োজক সংস্থা অ্যাডামাস ইউনিভার্সিটি। তিনদিনব্যাপী চলা এই টানটান উত্তেজনার আসরে পূর্ব ভারতের মোট ২২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল। 'অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ' (AIU)-এর তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টটি ছাত্রীদের কৌশল, মেধা এবং মানসিক দৃঢ়তা প্রদর্শনের এক অনন্য মঞ্চ হয়ে ওঠে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর (ড.) সমিত রায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন AIU-এর পর্যবেক্ষক প্রফেসর (ড.) দয়ারঞ্জন ডেভিড ডি, প্রাক্তন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া এবং আন্তর্জাতিক মাস্টার নীলাশ সাহা।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছিল—বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, তেজপুর বিশ্ববিদ্যালয়, উৎকল বিশ্ববিদ্যালয়, পাটনা বিশ্ববিদ্যালয় এবং মণিপুর বিশ্ববিদ্যালয়। শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে কঠোর লড়াই শেষে শেষ পর্যন্ত জয়ের শিরোপা অর্জন করে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও স্বীকৃতি তুলে দেওয়া হয়। এই জয়ের মাধ্যমে খেলাধুলার গুরুত্ব এবং সংহতির বার্তা আরও একবার জোরালোভাবে ফুটে ওঠে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত