
কাঠমান্ডু, ৭ মার্চ (হি. স.) : নেপালের প্রতিনিধি সভার নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সহ নেপালি কমিউনিস্ট পার্টি (এমালে)-র ১০ জনেরও বেশি হেভিওয়েট নেতা পরাজিত হয়েছেন।
দলের মোট ১৯ জন পদাধিকারীর মধ্যে ১১ জন নেতা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে নেকপা এমালে-র সভাপতি কে পি শর্মা ওলি, তাঁর তিন সহ-সভাপতি বিষ্ণু পৌডেল, পৃথিবী সুব্বা গুরুং এবং গোকর্ণ বিষ্ট নির্বাচনে হেরে গেছেন। একইভাবে দলের সাধারণ সম্পাদক শঙ্কর পোখরেল, উপ-সাধারণ সম্পাদক রঘুবীর মহাশেঠ এবং লেখরাজ ভট্টও নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে পরাজিত হয়েছেন। সচিব স্তরের নেতাদের মধ্যে মহেশ বসনেত, শেরধন রাই, রাজন ভট্টরাই এবং ভানুভক্ত ঢকালকেও হারের মুখ দেখতে হয়েছে।
দলের আরও কিছু পদাধিকারী সমানুপাতিক তালিকায় রয়েছেন, কিন্তু তার জন্য দলকে ন্যূনতম ৩ শতাংশ ভোটের সীমা অতিক্রম করতে হবে। যেহেতু সরাসরি নির্বাচিত সদস্যদের মধ্যে দলের কোনো নারী সদস্য নেই, তাই ৩ শতাংশ ভোট পাওয়ার পর প্রথম অগ্রাধিকার নারীদেরই দিতে হবে। এই কারণে সমানুপাতিক পদ্ধতিতেও কোনো পুরুষ পদাধিকারীর নির্বাচিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি