
কলকাতা, ১৩ এপ্রিল ( হি. স.) :আদর্শ আচরণবিধি (এমসিসি) ভঙ্গের দায়ে বিদ্ধ রাজ্যের জেলাগুলি। মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাজ্যের ২৪টি জেলার মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা। অন্যদিকে, সবথেকে কম অভিযোগ জমা পড়েছে কালিম্পং জেলায়, যার সংখ্যা মাত্র ১,১০৮।
অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক তথা মিডিয়া ইনচার্জ অরিন্দম নিয়োগী স্বাক্ষরিত রেকর্ড থেকে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মোট ১৬,০৭,৫১৭টি আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলাতেই জমা পড়েছে ৩,১৫,৫৫০টি অভিযোগ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঝাড়গ্রাম জেলায় অভিযোগের সংখ্যা ১২,৫৬৯।
কমিশন সূত্রে খবর, আচরণবিধি লঙ্ঘনের তালিকায় অন্যতম প্রধান কারণ হলো জনসম্পত্তি বিকৃতি (দেওয়াল লিখন বা পোস্টার) এবং রাজনৈতিক দলগুলির অনৈতিক বা বেআইনি বিজ্ঞাপন। জাতীয় নির্বাচন কমিশনের কড়া নির্দেশ মেনে রাজ্যজুড়ে এই ধরনের বিজ্ঞাপন ও বিকৃতি অপসারণে জোরদার অভিযান চালানো হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, চারটি জেলায় অভিযোগের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে গিয়েছে:
উত্তর কলকাতা: ১,২০,৯৬০টি
উত্তর ২৪ পরগনা: ১,১২,০১৯টি
পূর্ব মেদিনীপুর: ১,০৮,০২৯টি
বীরভূম: ১,০৬,১৭০টি
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত