
কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.): ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ডামাডোল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার প্রথম পর্যায়ের ভোটগ্রহণের জন্য ১৬টি জেলার জেলাওয়ারি ভোটদাতার পরিসংখ্যান সরকারিভাবে প্রকাশ করল নির্বাচন কমিশন। অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগী স্বাক্ষরিত এই পরিসংখ্যানে পুরুষ, মহিলা এবং তৃতীয় লিঙ্গের ভোটারদের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফার জন্য ১৬টি জেলায় মোট ভোটদাতার সংখ্যা ৩ কোটি ৬০ লাখ ৭৭ হাজার ১৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লাখ ৯৯ হাজার ৪৯৬ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার ২১০ জন। এই পর্যায়ের ১৬টি জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৬৫ জন।
জেলাওয়ারি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, ঝাড়গ্রাম জেলায় ভোটার সংখ্যা সবচেয়ে কম— ৯ লাখ ১০ হাজার ৯৫৯ জন। প্রথম দফার এই ভোটযুদ্ধে ১৬টি জেলার বিভিন্ন কেন্দ্রে ১,১৪৮ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হতে চলেছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন সুনিশ্চিত করতে ভোটারদের এই নির্ভুল তথ্য প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে কমিশন।
উল্লেখ্য, ২০২৬-এর নির্বাচন মূলত দুই দফায় (২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল) অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম দফার এই ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় প্রশাসনিক তৎপরতা আরও এক ধাপ এগিয়ে গেল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত