
শান্তিপুর, ১৭ এপ্রিল (হি. স.): ভোটার তালিকায় নাম পুনরায় অন্তর্ভুক্ত করার প্রলোভন দেখিয়ে এক বৃদ্ধার কাছ থেকে সোনার বালা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ভুয়ো সরকারি কর্মীর বিরুদ্ধে। শুক্রবার সকালে নদিয়ার শান্তিপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রমিলা কুন্ডু নামে এক বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন এবং সেখান থেকেই ব্লাউজের ব্যবসা করতেন। অভিযোগ, সকাল প্রায় ৯টা ৪০ মিনিট নাগাদ ‘রাহুল’ নামে পরিচয় দেওয়া এক যুবক তাঁর বাড়িতে আসে। সে নিজেকে সরকারি কর্মী বলে দাবি করে এবং ভোটার তালিকা দেখিয়ে পরিবারের চারজনের নাম বাদ পড়েছে বলে জানায়।এরপর বিভিন্ন সরকারি প্রকল্পে প্রায় আড়াই লক্ষ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে বৃদ্ধার বিশ্বাস অর্জন করে অভিযুক্ত। অভিযোগ, কথোপকথনের এক পর্যায়ে বৃদ্ধাকে সম্মোহিত করে ফেলে যুবক। তার নির্দেশে বৃদ্ধা তুলসী পাতা, দুব্বো ঘাস ও গঙ্গাজল এনে একটি পাত্রে রাখেন এবং নিজের হাতের দুটি সোনার বালা খুলে তাতে দেন।পরবর্তীতে যুবকটি সেখান থেকে চম্পট দেয়। স্বাভাবিক অবস্থায় ফিরে এসে বৃদ্ধা বুঝতে পারেন, প্রায় ৭০-৮০ হাজার টাকার গয়না খোয়া গিয়েছে। ইতিমধ্যে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়