
কানপুর, ১৭ এপ্রিল ( হি.স.): উত্তর প্রদেশের কানপুরে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের তৎপরতায় গ্রেফতার এক দুষ্কৃতী। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতের নাম মুন্না খান। সে জুহিরের বাসিন্দা। তবে ঘটনায় অভিযুক্ত আরও একজন এখনও পলাতক। পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার করেছে একটি চুরি যাওয়া বাইক, নগদ বারোশো টাকা, একটি পিস্তল এবং কার্তুজ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার যোগেন্দ্র বিহারের এক বাসিন্দা মোহিত নিষাদ থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, দুই বাইক আরোহী প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর বাইক ও নগদ পাঁচ হাজার টাকা ছিনতাই করে। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ এলাকার সিসি ক্যামেরাগুলি খতিয়ে দেখে এবং টহল দিতে থাকে। সেইসময় ফতেহপুর মোড়ের কাছে একটি বাইককে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশকে দেখা মাত্রই দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ । পুলিশের গুলিতে জখম হয় মুন্না খানের পা। অন্যজন পালিয়ে যায়। আহত অবস্থাতেই মুন্নাকে গ্রেফতার করা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক