প্রথম দফার প্রার্থীদের গড় সম্পদ ১.৩৪ কোটি টাকা, কোটিপতি প্রার্থীর দৌড়ে শীর্ষে তৃণমূল
কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : প্রথম দফার বিধানসভা নির্বাচনের হাতে আর মাত্র ৪ দিন সময়। আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের ১৫২টি আসনে প্রথম দফার এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের আর্থিক ও আইনি প্রেক্ষাপট ন
প্রথম দফার প্রার্থীদের গড় সম্পদ ১.৩৪ কোটি টাকা, কোটিপতি প্রার্থীর দৌড়ে শীর্ষে তৃণমূল


কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : প্রথম দফার বিধানসভা নির্বাচনের হাতে আর মাত্র ৪ দিন সময়। আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের ১৫২টি আসনে প্রথম দফার এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের আর্থিক ও আইনি প্রেক্ষাপট নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করল 'অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস' এবং 'ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ'। তাঁদের সংগৃহীত তথ্য ও হলফনামা বিশ্লেষণের রিপোর্টে প্রার্থীদের সম্পদের এক বিশাল বৈষম্যের ছবি ধরা পড়েছে।

​রিপোর্ট অনুযায়ী, ১৫২টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করা ১৪৭৮ জন প্রার্থীর মধ্যে ১৪৭৫ জনের হলফনামা বিশ্লেষণ করা হয়েছে। দেখা যাচ্ছে, প্রথম দফার প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ ১.৩৪ কোটি টাকা। তবে এই গড়ের আড়ালে বিত্তের পাহাড় ও তীব্র বৈষম্য স্পষ্ট। এই মুহূর্তে মোট ৩০৯ জন অর্থাৎ ২১ শতাংশ প্রার্থী রয়েছেন যাঁরা কোটিপতি। দলভিত্তিক কোটিপতি প্রার্থীর সংখ্যার নিরিখে সবার উপরে রয়েছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের ১০৬ জন প্রার্থী কোটিপতি। তালিকায় এর পরেই রয়েছে বিজেপি যাদের ৭১ জন প্রার্থীর সম্পদ কোটির উপরে। এছাড়া কংগ্রেসের ৫০ জন এবং সিপিএমের ২৪ জন প্রার্থী রয়েছেন কোটিপতির তালিকায়।

​হলফনামা থেকে আরও জানা যাচ্ছে যে, ১০ কোটি টাকার বেশি সম্পদের মালিক এমন প্রার্থীর সংখ্যা ৩৫ জন। দলের প্রার্থীদের গড় সম্পদের নিরিখেও সব দল থেকে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থীদের গড় সম্পদ ৫.৭০ কোটি টাকা। বিজেপির ক্ষেত্রে এই গড় ২.৫৭ কোটি টাকা, কংগ্রেসের ২.০৬ কোটি টাকা এবং সিপিএম প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ ৯২.৪২ লক্ষ টাকা। প্রথম দফার ভোটের আগে প্রার্থীদের এই বিপুল সম্পদের খতিয়ান রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 
 rajesh pande