রাজাবাজারে বড়সড় অস্ত্র উদ্ধার, বিহারের পাচারকারী গ্রেফতার
কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.): উত্তর কলকাতার রাজাবাজার এলাকায় বড়সড় অস্ত্র পাচারের ছক বানচাল করল কলকাতা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার হয়েছে বিহারের এক যু
আগ্নেয়াস্ত্র উদ্ধার


কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.): উত্তর কলকাতার রাজাবাজার এলাকায় বড়সড় অস্ত্র পাচারের ছক বানচাল করল কলকাতা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার হয়েছে বিহারের এক যুবক।শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজাবাজার সায়েন্স কলেজ সংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে এক যুবকের সন্দেহজনক গতিবিধি নজরে আসে কর্তব্যরত পুলিশকর্মীদের। তাকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৬টি সিঙ্গেল শট আগ্নেয়াস্ত্র এবং ১৪ রাউন্ড ৮ এমএম কার্তুজ।ধৃতের নাম মহম্মদ সোহেল আখতার ওরফে আরজু। সে বিহারের নালন্দা জেলার বিহার শরীফের বাসিন্দা। তার কাছ থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পুলিশের প্রাথমিক অনুমান, শহরে কোনও বড়সড় অপরাধের উদ্দেশ্যে এই অস্ত্র আনা হচ্ছিল। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে লালবাজারের গোয়েন্দারা। এই অস্ত্র পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে।শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই তৎপরতা আবারও প্রশংসা কুড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande