বাংলাদেশ : বীরগঞ্জে বাড়িঘরে আগুন, শ্মশান কালীমন্দির ও মূর্তি ভাঙচুর, তিরবিদ্ধ দুই, মোতায়েন পুলিশ
।। রাজীব দে ।। ঢাকা, ১৯ এপ্রিল (হি.স.) : দিনাজপুরের বীরগঞ্জে সনকা আদিবাসী ধর্মান্তরিত খ্ৰিস্টানপাড়ার বসতবাড়ি, শ্মশান কালীমন্দিরে হামলা, মূর্তি ভাঙচুরের মতো এক ঘটনায় পাল্টাপুর ইউনিয়ন এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে সাধারণ ও পু
ঘটনাস্থলে এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশ


।। রাজীব দে ।।

ঢাকা, ১৯ এপ্রিল (হি.স.) : দিনাজপুরের বীরগঞ্জে সনকা আদিবাসী ধর্মান্তরিত খ্ৰিস্টানপাড়ার বসতবাড়ি, শ্মশান কালীমন্দিরে হামলা, মূর্তি ভাঙচুরের মতো এক ঘটনায় পাল্টাপুর ইউনিয়ন এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে সাধারণ ও পুলিশ প্রশাসন। অশান্তি রুখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ঘটনা আজ রবিবার বেলা প্রায় দেড়টা নাগাদ সংঘটিত হয়েছে। জানা গেছে, পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের জনৈত কাদেরের ছেলে রেজাউল ও আজগর শার ছেলে আজাদের নেতৃত্বে দেড় থেকে দুশো ভাড়াটে সন্ত্ৰাসী সনকা আদিবাসী ধর্মান্তরিত খ্ৰিস্টানপাড়ায় একাধারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী খ্রিস্টানপাড়ার শ্মশান কালীমন্দিরকে ভেঙে গুঁড়িয়ে দেবী কালীর মূর্তি ভাঙচুর করে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে ফেলে দিয়েছে।

এলাকার বাসিন্দা মহৎ অন্তর জানান, এই মৌজার আদিবাসীদের কবরস্থানের ১৫০ দাগের ৯৩ শতক জমির গাছ কেটে জমি দখলের চেষ্টাকালে আদিবাসীরা তাদের বাধা দিলে সন্ত্রাসী বাহিনী পিছু হঠতে বাধ্য হয়। সে সময় গণেশ সোরেনের ছেলে বিশ্বনাথ ওরফে ভোন্দা (৩০) নামের এক যুবক বুকে এবং সাবানা মুর্মু (২৫)-র পিঠে তীরবিদ্ধ হয়।

গাছ কাটার আগে তারা আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করতে আদিবাসীপল্লির মঙ্গল ওরফে যাকব মুর্মুর ছেলে পিউস মুর্মু (৪৫)-র বাড়িতে অনধিকার প্রবেশ করে তাঁর ওপর হামলা চালিয়ে তাঁকে গুরুতরভাবে আহত এবং মহিলাদের লাঞ্ছিত করে, বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আহতদের মুমূর্ষ অবস্থায় বীরগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, এসআই জাহাঙ্গির বাদশা রনি, এসআই দীনেশ রায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইতিমধ্যে সহকারী কমিশনার (ভূমি) বীরগঞ্জ ও এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বাস্তব চিত্র দেখে সন্ত্রাসী-তাণ্ডবের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দিয়ে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন।

থমথমে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

এদিকে ঘটনার ব্যাপারে অভিযুক্ত রেজাউল ও আজাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে পাওয়া যায়নি। তবে তাদের বাড়ির লোকজন জানান, বিবদমান জমি নিয়ে সংঘর্ষে আদিবাসীদের হামলায় তারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande