নতুন কোচের অভিষেকে মেসির জোড়া গোলে জিতল মায়ামি
মায়ামি, ১৯ এপ্রিল (হি.স.) : রবিবার (১৯ এপ্রিল) ডেনভারের এম্পাওয়ার ফিল্ড এট মিলে হাইতে ৭৫ হাজারের বেশি দর্শকের সামনে কলোরাডো র্যাপিডসকে ৩-২ গোলে হারিয়েছে মায়ামি। নতুন অন্তর্বর্তীকালীন কোচ গিলেরমো হোয়োসের অধীনে এটিই তাদের প্রথম ম্যাচ। মাত্র কয়েক দি
নতুন কোচের অভিষেকে মেসির জোড়া গোলে জিতল মায়ামি


মায়ামি, ১৯ এপ্রিল (হি.স.) : রবিবার (১৯ এপ্রিল) ডেনভারের এম্পাওয়ার ফিল্ড এট মিলে হাইতে ৭৫ হাজারের বেশি দর্শকের সামনে কলোরাডো র্যাপিডসকে ৩-২ গোলে হারিয়েছে মায়ামি। নতুন অন্তর্বর্তীকালীন কোচ গিলেরমো হোয়োসের অধীনে এটিই তাদের প্রথম ম্যাচ।

মাত্র কয়েক দিন আগেই দায়িত্ব ছেড়েছিলেন হাভিয়ের মাশ্চেরানো। তার বিদায়ের পর স্পোর্টিং ডিরেক্টর থেকে প্রথম দলের দায়িত্বে এসে হোয়োসের কোচিং এর প্রথম ম্যাচটা ভালোই গেল।

ম্যাচের ১৩ মিনিটে মেসির পেনাল্টি গোল থেকে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান জের্মান বারটেরামে।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের রঙ বদলে দেয় কলোরাডো। ৫৮ মিনিটে গোল করে ২-১ করেন রাফায়েল নাভারো। চার মিনিট পরই বদলি নামা ড্যারেন ইয়াপি ২-২ করেন।

সমতা ফেরার পর ম্যাচ গড়ায় অন্যরকম উত্তেজনায়। শেষ পর্যন্ত সেই উত্তেজনার ইতি টানেন মেসি। ৭৯ মিনিটে মাঝমাঠে থেকে বল নিয়ে ভেতরে ঢুকে নিখুঁত শটে গোল করে মায়ামি কে জয় পেতে সাহায্য করেন। এর ফলে ম্যাচে মেসি পেলেন জোড়া গোল, সেই সঙ্গে ম্যাচ সেরার পুরস্কার।

এদিকে ব্যক্তিগত পরিসংখ্যানেও এগিয়ে গেলেন মেসি। এই মরসুমে তার গোল এখন ৭টি—যা তাকে স্যাম সুরিজ ও পিটার মুসার সঙ্গে লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রেখেছে।

এই জয়ে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল মায়ামি। মরসুমের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে হারার পর আর তারা হারেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande