
কলকাতা, ১৯ এপ্রিল(হি.স.): হ্যারল্ড ডেনিস বার্ড। একজন খ্যাতনামা ইংরেজ ক্রিকেট আম্পায়ার। তিনি ক্রিকেট বিশ্বে ডিকি বার্ড নামে খ্যাত ও বিশ্বের শ্রেষ্ঠ আম্পায়ার হিসেবে সকল ক্রীড়ামোদীর প্রশংসা কুড়িয়েছিলেন। তার জন্ম আজকের দিনে(১৯ এপ্রিল,১৯৩৩) ইংল্যান্ডের ইয়র্কশায়ারের বার্নসলে এলাকায়।
ডিকি বার্ড ৬৬টি টেস্টে আম্পায়ারিত্ব করে বিশ্বরেকর্ড গড়েন এবং ৩টি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতাসহ ৬৯টি একদিনের আন্তর্জাতিক খেলায়ও আম্পায়ার হিসেবে নিজের নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম হয়েছিলেন।
কিংবদন্তি এই ইংরেজ আম্পায়ার ডিকি বার্ড ১৯৭৩ সালে টেস্ট ম্যাচে দিয়ে তার আন্তর্জাতিক আম্পায়ারিং কেরিয়ার শুরু করেন। ১৯৯৬ সালে লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্টের মাধ্যমে আন্তর্জাতিক আম্পায়ারিং থেকে অবসর নেন। তিনি অবসরের পর নিজের আত্মজীবনী এবং লেখালেখি নিয়ে ব্যস্ত ছিলেন এবং নিজেকে খেলার সঙ্গে বিবাহিত বলে মনে করতেন। কারণ ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন চিরকুমার অর্থাৎ বিয়ে করেননি।
১৯৯৬ সালে আম্পায়ারিং থেকে বিদায় নেওয়ার সময় খেলোয়াড়রা তাকে গার্ড অফ অনার দিয়েছিলেন।
ক্রিকেটে অবদানের জন্য ও ডিকি বার্ডের জন্মদিন উপলক্ষে ৬ ফুট উচ্চতার একটি ভাস্কর্য ৩০ জুন, ২০০৯ তারিখে বার্নসলেতে উন্মোচন করা হয় এবং
১ জুলাই, ২০০৯ তারিখে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
কিংবদন্তি ক্রিকেট আম্পায়ার হ্যারল্ড 'ডিকি' বার্ড ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ৯২ বছর বয়সে ইংল্যান্ডের বার্নসলিতে তাঁর নিজ বাড়িতে মারা যান।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি