
মিউনিখ, ২০ এপ্রিল (হি.স.): আলিয়াঞ্জ অ্যারেনায় রবিবার রাতে বুন্ডেসলিগার ম্যাচটি ৪-২ গোলে স্টুটগার্টের বিরুদ্ধে জিতেছে জার্মানির সফলতম ক্লাব মিউনিখ।
স্টুটগার্টকে বড় ব্যবধানে হারিয়ে, চার ম্যাচ হাতে রেখে লিগের শিরোপা জয় নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ। আর সেই সঙ্গে বুন্ডেসলিগার রেকর্ড ৩৫তম শিরোপা জিতল বায়ার্ন।
ঘরের মাঠে ২১ মিনিটে ক্রিসের গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন মিউনিখ। তবে ৩১ মিনিটে সমতা টানেন রাফায়েল গেররেইরো। দুই মিনিট পরেই বায়ার্নকে এগিয়ে নেন নিকোলাস জ্যাকসন। আর ৩৭ মিনিটে আলফুঁস ডেভিসের গোলে ব্যবধান আরও বাড়ায় মিউনিখ।
বিরতির পর জামাল মুসিয়ালার বদলি নামেন হ্যারি কেইন। মাঠে নামার সপ্তম মিনিটেই গোল করেন এই ইংলিশ তারকা।
আসরে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৩২ গোল করলেন কেইন। বুন্ডেসলিগার এক মরসুমে রবের্ত লেভানদোভস্কির সর্বোচ্চ গোলের (৪১) রেকর্ড ছুঁতে বাকি চার ম্যাচে ৯টি করতে হবে কেইনকে। তবে আসরের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আছেন কেইন। তালিকার দুইয়ে থাকা স্টুটগার্টের ডেনিস উন্দাভের গোল কেবল ১৮টি।
সুতরাং এবারও আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি পাচ্ছেন তিনি। আর বুন্ডেসলিগার ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এই প্রতিযোগিতায় নিজের প্রথম তিন মরসুমেই এই পুরস্কার জয়ের কীর্তি গড়বেন কেইন।
৩০ রাউন্ড শেষে ২৫ জয় ও চার ড্রয়ে চ্যাম্পিয়নদের পয়েন্ট হলো ৭৯। ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি