
কলকাতা, ২০ এপ্রিল (হি. স.) : সুপ্রিম কোর্ট অনুমোদিত নতুন সংবিধান কার্যকর হওয়ার পর গঠিত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর তিন সদস্যের নির্বাচন কমিটি সোমবার ফুটবল হাউস পরিদর্শন করেছে। কমিটির চেয়ারপার্সন তথা রিটার্নিং অফিসার সুনীল অরোরার নেতৃত্বে এদিন সরেজমিন পরিদর্শনে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ডঃ বিবেক গোগিয়া এবং সুরিন্দর সিং গুরম।
এদিন বৈঠকে ডেপুটি সেক্রেটারি জেনারেল এম. সত্যনারায়ণ এবং এআইএফএফ-এর আইনি দলের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। আলোচনায় উঠে আসে নতুন প্রশাসনিক কাঠামো, এআইএফএফ নির্বাচন প্রক্রিয়া, সংযুক্ত রাজ্য সংস্থাগুলির নির্বাচন এবং প্লেয়ার কমিটি গঠনের বিষয়।
কমিটির সদস্যরা এই উপস্থাপনার জন্য ফেডারেশনকে ধন্যবাদ জানিয়েছেন। জানা গিয়েছে, সংবিধানের সংশোধনী প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ফের বৈঠকে বসবে নির্বাচন কমিটি। সেই বৈঠকেই আগামী নির্বাচনের রূপরেখা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেডারেশনের অভ্যন্তরে স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত