বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা : ১৬ জন প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ
কলকাতা, ২১ এপ্রিল (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় প্রার্থীদের দেওয়া হলফনামা থেকে এক চাঞ্চল্যকর ও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ১৪২টি বিধানসভা কেন্দ্রের মোট ১,৪৪৮ জন প্রার্থীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, অপরাধমূলক কাজে যুক্ত থাক
বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা : ১৬ জন প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ


কলকাতা, ২১ এপ্রিল (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় প্রার্থীদের দেওয়া হলফনামা থেকে এক চাঞ্চল্যকর ও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ১৪২টি বিধানসভা কেন্দ্রের মোট ১,৪৪৮ জন প্রার্থীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, অপরাধমূলক কাজে যুক্ত থাকা ব্যক্তিদের সংখ্যা নেহাত কম নয়। বিশেষ করে ১৬ জন প্রার্থী তাঁদের হলফনামায় সরাসরি খুনের মামলায় (ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা) অভিযুক্ত থাকার কথা স্বীকার করেছেন।

খুনের অভিযোগ ছাড়াও আরও ৮০ জন প্রার্থীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ নম্বর ধারা এবং বর্তমানে নতুন কার্যকরী হওয়া 'ভারতীয় ন্যায় সংহিতা'র ১০৯ নম্বর ধারা অনুযায়ী তাঁদের অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। সব মিলিয়ে এই দফায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ৯৬টি সহিংস ঘটনার সাথে প্রার্থীদের নাম জড়িয়ে থাকার প্রমাণ মিলেছে। এই তথ্যগুলো প্রার্থীরা নিজেরাই তাঁদের হলফনামায় অকপটে স্বীকার করেছেন।

নির্বাচনের এই দফার প্রার্থীদের মধ্যে নারীঘটিত অপরাধের চিত্রটি আরও ভয়াবহ। হলফনামা অনুযায়ী, ৯৪ জন প্রার্থীর নামে সরাসরি মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত করার অভিযোগ রয়েছে। এর মধ্যে আরও মারাত্মক বিষয় হলো, ২ জন প্রার্থী ধর্ষণের ঘটনায় (৩৭৬ ধারা) অভিযুক্ত। এমনকি এক প্রার্থীর বিরুদ্ধে একই মহিলার ওপর বারবার অপরাধ করার অভিযোগে ৩৭৬ (২) ধারাও যুক্ত করা হয়েছে। হলফনামায় উল্লিখিত এই তথ্যগুলো জনসমক্ষে আসায় রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।

নারীঘটিত অপরাধের সঙ্গে যুক্ত প্রার্থীদের রাজনৈতিক দলভিত্তিক বিচার করলে দেখা যাচ্ছে যে, বিভিন্ন দলের প্রার্থীরাই এই তালিকায় রয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ধরনের অভিযোগে অভিযুক্তদের মধ্যে বিজেপির ১০২ জন, সিপিআই (এম)-এর ৫১ জন, তৃণমূল কংগ্রেসের ৪৯ জন এবং কংগ্রেসের ৩৭ জন প্রার্থী রয়েছেন। সমস্ত তথ্য ও হলফনামা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করার পরই এই পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে। স্বচ্ছ ভাবমূর্তির দাবি করা হলেও প্রতিটি রাজনৈতিক দলেই এমন অভিযুক্ত প্রার্থীদের উপস্থিতি এখন প্রমাণিত সত্য।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 
 rajesh pande