
নয়াদিল্লি, ২২ এপ্রিল ( হি. স. ) : পশ্চিম এশিয়ায় ঘনীভূত হওয়া উত্তেজনার কালো মেঘ এবং দুর্বল বিশ্ব সংকেতের জেরে বুধবার টালমাটাল ঘরোয়া শেয়ার বাজার। ইরানের পক্ষ থেকে শান্তি আলোচনার দ্বিতীয় প্রস্তাব প্রত্যাখ্যানের খবর আসতেই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় বাজার সূচকে। দিনের শুরু থেকেই সেনসেক্স ও নিফটি—উভয় সূচকই নিম্নমুখী। প্রথম এক ঘণ্টার কারবার শেষে সেনসেক্স প্রায় ০.৯৭ শতাংশ এবং নিফটি ০.৮২ শতাংশ পতনের মুখ দেখেছে।
এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ২৫৩.৯৯ পয়েন্ট কমে ৭৯,০১৯.৩৪ স্তরে খোলে। লেনদেনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রির চাপ আরও তীব্র হয়। সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ সেনসেক্স ৭৬৭.১১ পয়েন্ট হারিয়ে ৭৮,৫০৬.২২ স্তরে নেমে আসে। একইভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ১০৫.৭৫ পয়েন্ট পতনে ২৪,৪৭০.৮৫ স্তরে দিন শুরু করে। সকাল সোয়া ১০টা নাগাদ নিফটি ২০০.৫৫ পয়েন্ট কমে থিতু হয় ২৪,৩৭৬.০৫ স্তরে।
বাজারের এই টালমাটাল পরিস্থিতিতেও কিছু শেয়ারে লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা। নেসলে, টাটা কনজিউমার প্রোডাক্টস, হিন্দুস্তান ইউনিলিভার এবং হিন্ডালকো ইন্ডাস্ট্রিজের মতো শেয়ারগুলি ০.৯৬ শতাংশ থেকে ২.২৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধির মুখ দেখেছে। অন্যদিকে, আইটি সেক্টরের শেয়ারগুলোতে বড়সড় ধস নেমেছে। এইচসিএল টেকনোলজি, টেক মাহিন্দ্রা, ইনফোসিস এবং টিসিএস-এর মতো বড় সংস্থাগুলোর শেয়ার ১.২৮ শতাংশ থেকে ৮.৬৯ শতাংশ পর্যন্ত পড়েছে। এছাড়া আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারেও পতনের ধারা লক্ষ্য করা গিয়েছে।
এখনও পর্যন্ত স্টক মার্কেটে ২,৭০৮টি শেয়ারে সক্রিয় লেনদেন হচ্ছে, যার মধ্যে ১,৩৬৬টি শেয়ার লাভের ঘরে এবং ১,৩৪২টি শেয়ার লোকসানের মুখে রয়েছে। সেনসেক্সের অন্তর্ভুক্ত ৩০টি বড় শেয়ারের মধ্যে মাত্র ৪টি সবুজ সংকেতে থাকলেও ২৬টি শেয়ারই লাল সংকেতে লেনদেন করছে। নিফটির ৫০টি শেয়ারের মধ্যে মাত্র ১২টি শেয়ার ঊর্ধ্বমুখী এবং ৩৮টি শেয়ার নিম্নমুখী।
হিন্দুস্থান সমাচার / সোনালি