
কলকাতা, ২১ এপ্রিল (হি. স.) : নতুন দিগন্ত। এনপিসি ভারত বিল পে লিমিটেড (এনবিবিএল), যা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া -এর সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা, তাদের ভারত কানেক্ট প্ল্যাটফর্মে ইন্স্যুরেন্স বিভাগে নতুন বিলার হিসেবে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স (পিএলআই)-কে অন্তর্ভুক্ত করল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বিলার অপারেটিং ইউনিট হিসেবে এই অনবোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করেছে। এর ফলে গ্রাহকেরা এখন ভারত কানেক্ট - সক্ষম অনলাইন ও অফলাইন চ্যানেলের মাধ্যমে সহজেই প্রিমিয়াম জমা দিতে পারবেন।
ইন্ডিয়া পোস্ট-এর অধীনে পরিচালিত পিএলআই বর্তমানে ১.২৫ কোটিরও বেশি সক্রিয় পলিসি পরিচালনা করে এবং প্রতিদিন প্রায় ২.৫ লক্ষ লেনদেন সম্পন্ন হয়। এই সংযুক্তির ফলে পিএলআই ও আরপিএলআই মিলিয়ে বিপুল সংখ্যক গ্রাহক ডিজিটাল মাধ্যমে নবীকরণ প্রিমিয়াম জমা দেওয়ার সুবিধা পাবেন।
ডিরেক্টর জেনারেল পোস্টাল সার্ভিসেস জিতেন্দ্র গুপ্ত বলেন, এই উদ্যোগ ডাক বিভাগের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে, এসবিআই জানায়, এই উদ্যোগ আর্থিক পরিষেবাকে আরও সহজলভ্য ও নির্ভরযোগ্য করে তুলবে।
এনবিবিএলের এমডি এবং সিইও নূপুর চতুর্বেদী এই প্রসঙ্গে বলেছেন, এই সংযুক্তি দেশের সর্বত্র প্রিমিয়াম প্রদান প্রক্রিয়াকে আরও সহজ করবে। বর্তমানে ভারত কানেক্ট প্ল্যাটফর্মে ২৯টিরও বেশি বিভাগে ২২,৬৪০-র বেশি বিলার যুক্ত রয়েছে এবং ৭০০-র বেশি অ্যাপ ও ৫ লক্ষেরও বেশি এজেন্টের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে সঠিকভাবে পরিষেবা পৌঁছে যাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত