
‘কলকাতা, ২৪ এপ্রিল (হি. স.) : দেশের অন্যতম শীর্ষ আয়ুর্বেদিক ও প্রাকৃতিক স্বাস্থ্যসেবা সংস্থা ডাবর ইন্ডিয়া লিমিটেড স্কুলপড়ুয়া শিশুদের জন্য তাদের উচ্চাভিলাষী প্রচার অভিযান ‘হাজমোলা মস্তির পাঠশালা’র আনুষ্ঠানিক সূচনা করল। শুক্রবার কলকাতার ইছাপুরের ইস্ট পয়েন্ট স্কুলে এক বিশেষ সেশনের মাধ্যমে এই বৃহৎ কর্মসূচির যাত্রা শুরু হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিশুদের মধ্যে খেলাধুলা ও শারীরিক সক্রিয়তার গুরুত্ব ছড়িয়ে দেওয়া, যা হাজমোলা ব্র্যান্ডের চনমনে ও মজাদার ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবর ইন্ডিয়া লিমিটেডের ব্র্যান্ড অ্যাক্টিভেশন ম্যানেজার বিপুল আগরওয়াল।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মস্তির পাঠশালা’ অভিযানটি উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ জুড়ে বৃহৎ পরিসরে চালানো হবে। মোট ২০টি প্রধান শহরের ৫৫০টি স্কুলে এই কর্মসূচি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে প্রায় ২.৫ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী উপকৃত হবে। মূলত বিনোদন ও শিক্ষাকে একসূত্রে গেঁথে এই উদ্যোগ সাজানো হয়েছে। বিশেষ ‘ফান গেমস’-এর মাধ্যমে শিশুদের অলসতা কাটিয়ে খেলাধুলায় উৎসাহিত করা হবে, যাতে তারা সুস্থ ও সক্রিয় থাকতে পারে। পাশাপাশি, স্বাস্থ্য ও ফিটনেস বিশেষজ্ঞদের পরিচালিত বিশেষ সেশনে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের বোঝানো হবে যে, একটি শিশুর সার্বিক বিকাশে প্রতিদিনের শারীরিক কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। শিশুদের একাগ্রতা বৃদ্ধি, বিপাকক্রিয়ার উন্নতি এবং হজমশক্তি সুস্থ রাখার ওপর এই কর্মসূচিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। অভিভাবক ও শিক্ষক মহলে ডাবর ইন্ডিয়ার এই অভিনব উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে।।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত