
মুম্বই, ২৪ এপ্রিল ( হি.স.): অবশেষে ঘোষণা করা হলো ক্যাপ্টেন ইন্ডিয়া-র মুক্তির তারিখ। বৃহস্পতিবার পরিচালক এবং প্রযোজক মহলের তরফ থেকে জানানো হয়েছে , এই বহু প্রতীক্ষিত ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৭-এর ১৩ আগস্ট। ছবি মুক্তির দিন প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মধ্যে ছড়িয়েছে উত্তেজনা। সেই উত্তেজনার রেশ রয়েছে শুক্রবারেও।
চাক দে ইন্ডিয়া এবং রকেট সিং: সেলসম্যান অফ দ্য ইয়ার-এর মতো মন মাতানো ছবির পর পরিচালক শিমিত আমিন পাঁচ বছর আগেই এই ছবি পরিচালনার প্রস্তাব রাখেন। অবশেষে হচ্ছে স্বপ্নপূরণ। তবে এবারের আরও একটি আকর্ষণীয় দিক হলো , অভিনেতা কার্তিক আরিয়ানের উপস্থিতি। কার্তিককে প্রথমবারের মতো শিমিতের ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে । ছবির কাহিনী দেশপ্রেমকে ঘিরে। তবে স্পষ্টভাবে এখনও পর্যন্ত ছবির কাহিনী এবং চিত্রনাট্য প্রকাশ্যে আসেনি। ক্যাপ্টেন ইন্ডিয়া-র উপস্থাপনায় রয়েছে টি -সিরিজ এবং বাওয়েজা স্টুডিওস ও মিডনাইট চাই ফিল্মস লিমিটেড।
প্রসঙ্গত, 'ক্যাপ্টেন ইন্ডিয়া' ছাড়াও কার্তিক আরিয়ানের আরও একটি বহু প্রতীক্ষিত ছবি নাগজিলা ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। তাই আরিয়ান ভক্তদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে উত্তেজনা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক