গোঘাট তৃণমূল কংগ্রেসের পথ অবরোধ
আরামবাগ , ২৭ এপ্রিল (হি.স.) আরামবাগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে গোঘাটে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল আরামবাগের সাংসদ মিতালী বাগের উপর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃ
গোঘাট তৃণমূল কংগ্রেসের পথ অবরোধ


আরামবাগ , ২৭ এপ্রিল (হি.স.)

আরামবাগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে গোঘাটে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল আরামবাগের সাংসদ মিতালী বাগের উপর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে আরামবাগের উদ্দেশ্যে রওনা দেন সাংসদ মিতালী বাগ। সেই সময় গোঘাট এলাকায় তাঁর গাড়ির উপর আচমকা হামলা চালানো হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় এবং গাড়িতে ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে। এই হামলায় সাংসদ মিতালী বাগ আহত হন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।

ঘটনার পর তড়িঘড়ি আহত সাংসদকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায় তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে।

এই ঘটনার প্রতিবাদে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোঘাট থানার সামনে বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়। বিক্ষোভকারীরা থানার সামনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে অনড় অবস্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 
 rajesh pande