
ফররুখাবাদ, ২৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের ফররুখাবাদে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ , বিয়ে নিয়ে মতান্তরের জেরে ক্ষুব্ধ হয়ে বৃদ্ধ বাবাকে খুন করল দুই ছেলে। সোমবার রাতে মওদরওয়াজা থানার আরা পাহাড়পুর গ্রামে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৭০ বছরের রামসানেহি তাঁর দুই ছেলে অনিল ও ওমকারের সঙ্গে থাকতেন। সোমবার রাত ১১টা নাগাদ অভিযুক্ত দুই ছেলে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করে খুন করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং বড় ছেলে ওমকারকে আটক করে। ফরেনসিক দলও প্রমাণ সংগ্রহ করেছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পারিবারিক অশান্তিই এই খুনের মূল কারণ। অনিলের দুই বিয়ে ভেঙে যায়। প্রথম স্ত্রী আত্মহত্যা করেন এবং দ্বিতীয় স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। অন্যদিকে, ওমকারের স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। এরপর অনিল বাবার উপর পুনরায় বিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। কিন্তু বাবা রাজি ছিলেন না। পুলিশের দাবি, দুই ছেলেই এই খুনের সঙ্গে যুক্ত।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন