
কলকাতা, ২৯ এপ্রিল (হি.স.): রোহিত শর্মা। ভারতের এই আন্তর্জাতিক ক্রিকেটারটির বৃহস্পতিবার জন্মদিন। যিনি বর্তমানে ভারতীয় জাতীয় ক্রিকেট দলে শুধুমাত্র একদিনের ক্রিকেটই খেলেন। টেস্ট ক্রিকেট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন এবং অধিনায়কত্বও করছেন না। তিনি তার প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওপেনিং ব্যাটসম্যানদের একজন হিসেবে বিবেচিত। রোহিত শর্মার একাধিক ব্যাটিং রেকর্ড রয়েছে। যার মধ্যে রয়েছে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক ডাবল সেঞ্চুরি (৩) এবং ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরি (৭) রয়েছে। এই ডান-হাতি ব্যাটসম্যান আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এবং ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলেন। শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক ছিলেন এবং তার নেতৃত্বে মুম্বই ৫টি শিরোপা জিতেছিল।
রোহিত শর্মার নেতৃত্বে ভারত দুটি প্রধান আইসিসি ট্রফি বা বিশ্বকাপ জিতেছে। এর মধ্যে রয়েছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া, তাঁর নেতৃত্বেই ভারত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল।
খেলোয়াড়ি জীবনে টেস্ট খেলেছেন ৫২ টি, রান করেছেন ৩৬৭৭। একদিনের ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত ২৬২টি, রান করেছেন ১০৭০৯। আর টি-টোয়েন্টি খেলেছেন ১৪৮টি, রান করেছেন ৩৮৫৩। টেস্টে তার সেঞ্চুরি রয়েছে ১০টি, অর্ধ সেঞ্চুরি রয়েছে ১৬টি। একদিনের ক্রিকেটে সেঞ্চুরি রয়েছে ৩১টি আর অর্ধশত রান রয়েছে ৫৫টি। টি-টোয়েন্টিতে সেঞ্চুরি রয়েছে ৪টি,অর্ধ সেঞ্চুরি রয়েছে ২৯টি। টেস্টে সর্বোচ্চ রান ২১২,একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান ২৬৪ আর টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ১১৮।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি