
মস্কো, ৩০ এপ্রিল (হি.স.): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার এক দীর্ঘ ফোনালাপে অংশ নেন। ক্রেমলিনের মুখপাত্র ইউরি উশাকভ জানিয়েছেন, প্রায় ৯০ মিনিটের বেশি সময় ধরে চলা এই আলোচনার মূল বিষয় ছিল পশিম এশিয়ার চলমান ইরান সংকট ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি।
মস্কোর উদ্যোগে হওয়া এই ফোনালাপকে “খোলামেলা ও কার্যকর” বলে উল্লেখ করা হয়েছে। আলোচনায় ইরান ও পারস্য উপসাগর অঞ্চলের উত্তেজনা কমানোর বিষয়ে দুই নেতা গুরুত্ব দেন। পুতিন ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধবিরতির উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করলেও তিনি সতর্ক করেন যে নতুন করে সামরিক সংঘর্ষ শুরু হলে তার ফল “অত্যন্ত বিপজ্জনক” হতে পারে। রাশিয়া জানিয়েছে, তারা এই অঞ্চলে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান বজায় রাখছে।
ইউক্রেন প্রসঙ্গে আলোচনায় দুই নেতা যুদ্ধ পরিস্থিতি ও সামনের সারির অগ্রগতির বিষয়ে মতবিনিময় করেন। রুশ পক্ষ দাবি করে, মাঠপর্যায়ে তাদের অবস্থান তুলনামূলকভাবে শক্তিশালী। আলোচনায় ইউক্রেনের নেতৃত্ব ও পশ্চিমা সমর্থন নিয়ে সমালোচনাও উঠে আসে। রাশিয়া ৯ মে বিজয় দিবসকে কেন্দ্র করে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, যা ট্রাম্প সমর্থন করেন বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই ফোনালাপ আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংলাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য