
ইস্তাম্বুল, ৩০ এপ্রিল (হি.স.): তুর্কিশ এয়ারলাইন্স আগামী ১ মে থেকে আবারও পশ্চিম এশিয়ার তিনটি গুরুত্বপূর্ণ শহর—দামাস্কাস, বৈরুট ও আম্মানের জন্য তাদের বিমান পরিষেবা চালু করতে চলেছে। বিমান সংস্থার সূত্রে জানানো হয়েছে , গত ২৮ ফেব্রুয়ারি এই রুটগুলিতে পরিষেবা স্থগিত রাখা হয়েছিল। ওই সময় পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল, বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পরিস্থিতির প্রভাব এবং একাধিক দেশের আকাশসীমা জটিলতার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল।
বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এই গুরুত্বপূর্ণ রুটগুলিতে আবার পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে তুর্কিশ বিমান সংস্থা। এই পদক্ষেপে যাত্রী পরিষেবা ও বাণিজ্যিক যোগাযোগে স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে। দামাস্কাস, বৈরুট ও আম্মান—এই তিনটি শহর পশ্চিম এশিয়ার আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফলে বিমান পরিষেবা পুনরায় চালু হওয়ায় যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা কমবে বলেই আশা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য