
মিউনিখ, ৫ এপ্রিল (হি.স.) : দারুণ এক জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারল না ফ্রেইবুর্ক। শেষের তিন গোলে ঘুরে দাঁড়িয়ে নাটকীয় জয় তুলে নিলো বায়ার্ন মিউনিখ। শিরোপাধারীরা শেষ দুটি গোল করেছে যোগ করা সময়ে।
বুন্ডেসলিগার ম্যাচে শনিবার রাতে ৩-২ গোলে জয় পেল ভেঁসো কম্পানির দল।
এই রোমাঞ্চকর ম্যাচে পাঁচটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৪৬ মিনিটে ইয়োহান মানজাম্বির গোল করে ফ্রেইবুর্ককে গোল করে এগিয়ে দেন। ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস উলার। ৮০ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ফ্রেইবুর্ক। কিন্তু ৮১ মিনিটে ব্যবধান কমান টম বিশফ। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তিনিই দলকে সমতায় ফেরান। এরপর নবম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন কার্ল। আর তার গোলেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কম্পানির দল।
২৮ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলা বরুশিয়া ডর্টমুন্ড ৬১ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে খেলবে বায়ার্ন। তবে এই ম্যাচে খেলেননি দলের সবচেয়ে বড় ভরসা হ্যারি কেইন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি