
শিলিগুড়ি, ৫ এপ্রিল (হি.স.) : আন্তর্জাতিক ক্ষেত্রে বন্যপ্রাণী পাচার চক্রের পর্দাফাঁস করলো বন দফতর। দীপক রাসাইলির নেতৃত্বে সুকনা রেঞ্জের একটি দল শনিবার গভীর রাতে মাটিগাড়া মোড় বাস স্ট্যান্ডের কাছে এশিয়ান হাইওয়ে-১০-এ অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। তল্লাশিতে তার ব্যাগ থেকে একটি চিতাবাঘের ছাল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে, এই ছাল নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। দার্জিলিং বন বিভাগ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। সুকনা রেঞ্জের রেঞ্জার দীপক রাসাইলি রবিবার জানিয়েছেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কার্শিয়াং আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে আপাতত ধৃত পাচারকারীর নাম গোপন রাখা হয়েছে।
শিলিগুড়ি করিডোর দিয়ে নেপাল ও ভুটানে বন্যপ্রাণী পাচারের চেষ্টা আগেও সামনে এসেছে। এই পরিস্থিতিতে নির্বাচনী আবহের মধ্যে বন দফতরের এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি