
বদরপুর (অসম), ৬ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তৰ্গত রেলশহর বদরপুরে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে মাদক পাচারে জড়িত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রবিবার মধ্যরাতে বদরপুর থানার ওসি তরঙ্গ পাটোয়ারি, মালুয়া আউট পোস্টের ইনচার্জ শুভমকুমার পাল এবং ট্রাফিক ইনচার্জ সুজিত সিনহার নেতৃত্বে পুলিশের এক দল বদরপুর রেলওয়ে স্টেশনের সামনে অভিযান চালিয়ে প্ৰায় এক কোটি টাকা মূল্যের ১০ হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এর সঙ্গে দুই পাচারকারী যথাক্রমে শ্রীভূমি জেলার পাথারকান্দির বাসিন্দা আহমেদ হোসেন লস্কর এবং বাটইয়া এলাকার আবু হুসেনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা সাইরাং এক্সপ্রেসে করে বদরপুরে এসেছিল। মাদকগুলি তারা অন্য চক্রের হাতে হস্তান্তরের জন্য যখন অপেক্ষা করছিল, তখন তাদের পাকড়াও করা হয়।
ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার তাদের শ্রীভূমির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস