
নগাঁও (অসম), ৬ এপ্রিল (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত রূপহীহাটের ১ নম্বর কাঠপাড়ায় আজ সোমবার ভোররাত প্রায় দুটা নাগাদ জনতার গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত।
জানা গেছে, গভীর রাতে রূপহীহাটের ১ নম্বর কাঠপাড়ায় জনৈক মুজ্জামিল হক চৌধুরীর বাড়িতে প্রায় ১০-১২ জনের এক ডাকাত দল প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্র দেখিয়ে বাড়ির মালিক মুজ্জামিলকে বেঁধে ঘরে মজুত নগদ টাকা, স্বর্ণালঙ্কার ইত্যাদি ভালোয় ভালোয় তাদের হাতে তুলে দিতে নির্দেশ দেয়। এরই মধ্যে এক ডাকাত তাঁর ছয় বছর বয়সি মেয়ের গলায় ধারালো অস্ত্র রেখে মুজাম্মেলকে হুমকি দিতে থাকে।
ইতিমধ্যে ডাকাতের দল গৃহস্থের ঘর থেকে চার লক্ষে বেশি টাকা ও সোনার গয়না লুট করে। এদিকে অতি সন্তর্পণে মুজ্জামিলের স্ত্রী বাইরে বেরিয়ে চিৎকার শুরু করলে আশপাশের মানুষজন বেরিয়ে আসেন। মানুষজন দেখে ডাকাতের দল পালানোর চেষ্টা করে। কিন্তু জনতাা তাদের ধাওয়া করে চারজনকে ধরে ফেলে। জনতা তাদের বেজায় গণপিটুনি দিতে থাকে। ইত্যবসরে খবর পেয়ে ছুটে যায় পুলিশের দল। আহত অবস্থায় ধৃত চার ডাকাতকে গণপিটুনির হাত থেকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ তাদের নগাঁও মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিক্যালের ডাক্তাররা আহতদের মধ্যে দুজনকে মৃত বলে ঘোষণা করে বাকিদের ভরতি করে চিকিৎসা শুরু করেছেন। এদিকে ডাকাতের মারে জখম হয়েছেন গৃহস্থ মুজ্জামিল হক চৌধুরী। তাঁর হাত, মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন অঙ্গে মেরেছে ডাকাতেরা।
আহত অভিযুক্ত দুই ডাকাতকে কদমগুড়ির ইমানুল হক এবং পাব লারিমুখের রাকিব উদ্দিন বলে শনাক্ত করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজনকে শফিউল্লাহ হিসেবে শনাক্ত করা হয়েছে, অপরজনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস