
হাফলং (অসম), ৬ এপ্রিল (হি.স.) : বদরপুর-লামডিং পাহাড় লাইনে এক ভয়ংকর দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে শিয়ালদহ-সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আজ সোমবার সকাল ১১টা ৫৫ মিনিটে বদরপুর-লামডিং পাহাড় লাইনের ডিটেকছড়া ও নিউ হারাঙ্গাজাও স্টেশনের মধ্যবর্তী স্থানে ১৩১৭৩ নম্বর শিয়ালদহ-সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কায় কুড়িটির বেশি মহিষের মৃত্যু হয়েছে।
জানা গেছে, পাহাড় লাইনের ডিটেকছড়া ও নিউ হারাঙ্গাজাও স্টেশনের মধ্যবর্তী ১০৯/৮-৯ কিলোমিটারে ১৬ নম্বর টানেলের ভিতরে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তবে ভয়ংকর দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের কোনও ক্ষতি হয়নি বলে জানা গেছে।
দুর্ঘটনার পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি নিউ হারাঙ্গাজাও স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়েছে। ট্রেনটি বহু সময় আটকে রাখার পর রেলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রেনের নীচে কাটা পড়ে নিহত মহিষগুলিকে সরিয়ে বিকাল চারটা নাগাদ রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ ট্র্যাক সার্টিফিকেট দেওয়ার পর ট্রেনটি পুনরায় নিউ হারাঙ্গাজাও স্টেশন থেকে সাব্রুমের উদ্দেশ্যে যাত্রা করে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব