
মুর্শিদাবাদ, ৬ এপ্রিল (হি.স.): মুর্শিদাবাদে বিজেপির তিনটি এজেন্সি কাজ করছে। সোমবার জলঙ্গির সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভা থেকে নির্বাচন কমিশন, কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী এবং হুমায়ুন কবীর ও আসাদউদ্দিন ওয়াইসিকে বিদ্ধ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর, মিমের নেতা আসাদউদ্দিন ওয়াইসিকে যারা নিরাপত্তা দেয়, সেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতে, এঁদের কাউকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া। কেউ প্ররোচনায় পা দেবেন না- বার্তা অভিষেকের।
এদিন জলঙ্গির তৃণমূল প্রার্থী বাবর আলি ও ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থনে ভোটপ্রচার করেন অভিষেক। জনসভা থেকে বিজেপি ও তার এজেন্সিদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূল সেনাপতি। তাঁর কথায়, এই মুর্শিদাবাদ জেলায় বিজেপির তিনটি এজেন্সি কাজ করছে। প্রথমটি হল নির্বাচন কমিশন- যার মাথার উপর রয়েছেন জ্ঞানেশ কুমার, যিনি মানুষের নাম কাটার জন্য বসে আছেন। দ্বিতীয় রয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী- যাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছে অমিত শাহের কেন্দ্রীয় বাহিনী। আর তৃতীয় এজেন্সি আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর আর আসাউদ্দিন ওয়াইসি। বলেন, মিম আর ডিম- ওদের নাম নিলে সভার পরিবেশ খারাপ হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ