
কলকাতা, ৬ এপ্রিল (হি.স.): বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠলো। পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ান বিজেপি কর্মীরা। পাপিয়া অধিকারীর অভিযোগ, ১ ঘণ্টা হাজরা মোড়ে দাঁড় করিয়ে রেখেছে পুলিশ। অন্যদিকে আলিপুর সার্ভে বিল্ডিং এলাকায় কড়া পাহারা পুলিশের। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে ব্যারিকেডে। সেখানে মুখোমুখি তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকরা। ব্যরিকেডের একদিকে ‘জয় শ্রীরাম’ স্লোগান, অন্যদিকে উঠল ‘জয় বাংলা’ স্লোগান। দু’পক্ষের স্লোগানযুদ্ধে উত্তপ্ত আলিপুর সার্ভ বিল্ডিং চত্বর। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল, সিপিএম প্রার্থীরা সবাই মনোনয়ন দিতে পেরেছে। একমাত্র আমাদের আটকে রাখল পুলিশ। হাজরা মোড়ে দীর্ঘ ১ ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রেখেছে আমাদের। পুলিশ তো তৃণমূলের মতো আচরণ করছে। ওরা কি চায় আমরা ভোট বয়কট করি? মনোনয়নটাই যদি দিতে না দেয়, ভোট হবে কী করে? বিজেপি কর্মীদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ান পুলিশ আধিকারিকরা। যদিও পুলিশের দাবি, নিরাপত্তার কারণেই বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের সরানো হচ্ছে। মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ