
আরামবাগ , ৬ এপ্রিল (হি.স.)
মনোনয়ন জমা দিতে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ দিনে মাঝরাস্তায় গাড়ি বিকল—এ কি শুধুই যান্ত্রিক ত্রুটি, নাকি প্রস্তুতির ঘাটতি? সোমবার আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের মনোনয়ন যাত্রা ঘিরে তৈরি হয়েছে এমনই একাধিক প্রশ্ন।
এদিন সুধানিল সিনেমা হলের সামনে থেকে বিশাল মিছিল নিয়ে এসডিও অফিসের উদ্দেশ্যে রওনা দেন প্রার্থী। কিন্তু কিছু দূর যেতেই আচমকা তাঁর গাড়িতে যান্ত্রিক বিভ্রাট দেখা দেয়। একাধিকবার কর্মী-সমর্থকদের ঠেলাঠেলি করেও গাড়ি স্টার্ট করানো যায়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে গাড়ি ছেড়ে পায়ে হেঁটেই মনোনয়ন জমা দিতে যেতে হয় তাঁকে।
রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন—মনোনয়নের মতো গুরুত্বপূর্ণ দিনে যদি একটি গাড়ির ন্যূনতম প্রস্তুতিও নিশ্চিত করা না যায়, তবে প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে কতটা আত্মবিশ্বাসী তৃণমূল শিবির? অনেকেই এটিকে ‘দুর্বল ব্যবস্থাপনার প্রতীক’ বলেও কটাক্ষ করছেন।
যদিও তৃণমূল কর্মীরা ঘটনাকে ‘লড়াইয়ের প্রতীক’ বলে তুলে ধরার চেষ্টা করেছেন, বিরোধীদের দাবি—এটি আসলে তৃণমূলের অগোছালো প্রস্তুতিরই বাস্তব চিত্র। মনোনয়নের দিনেই এমন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আগামী দিনে আরও বড় দায়িত্ব সামলাতে কতটা প্রস্তুত প্রার্থী ও তাঁর সংগঠন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA