ঝাড়গ্রামে বিজেপির ৪৬তম প্রতিষ্ঠা দিবস পালন, লড়াইয়ের শপথ নিলেন প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ
ঝাড়গ্রাম, ৬ এপ্রিল (হি. স.): ৬ই এপ্রিল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঝাড়গ্রাম জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সোমবার ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ ঝাড়গ্রামের নির্বাচনী কার্
ঝাড়গ্রামে বিজেপির ৪৬তম প্রতিষ্ঠা দিবস পালন, লড়াইয়ের শপথ নিলেন প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ


ঝাড়গ্রাম, ৬ এপ্রিল (হি. স.): ৬ই এপ্রিল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঝাড়গ্রাম জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সোমবার ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ ঝাড়গ্রামের নির্বাচনী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই বিশেষ দিনটির সূচনা করেন। পতাকা উত্তোলনের পর উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে লক্ষ্মীকান্ত সাউ দলের গৌরবময় ইতিহাস ও আদর্শ নিয়ে বক্তব্য রাখেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, ১৯৮০ সালে অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আদভানির নেতৃত্বে যে পথ চলা শুরু হয়েছিল, মাত্র ২ জন সাংসদ থেকে আজ তা ৩০০-র বেশি আসনে পৌঁছেছে এবং এই জয়যাত্রা সম্ভব হয়েছে দলের স্বচ্ছ বিচারধারা ও নৈতিকতার কারণেই।

এদিনের অনুষ্ঠানে ঝাড়গ্রাম জেলার সেই সমস্ত বিজেপি কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, যাঁরা রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ অত্যন্ত আবেগপ্রবণ হয়ে অঙ্গীকার করেন যে, আগামী দিনে যাতে আর কোনও মায়ের কোল খালি না হয় এবং কোনও কর্মীকে যেন মিথ্যা মামলার শিকার না হতে হয়, সেই লক্ষ্যেই তাঁরা নিরন্তর লড়াই চালিয়ে যাবেন। ভোটের মুখে দলের প্রতিষ্ঠা দিবস পালন কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে। জেলা কার্যালয়ে পতাকা উত্তোলনের সময় প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন দলের অন্যান্য জেলা নেতৃত্ব ও স্থানীয় কর্মীরা। সব শেষে 'ভারত মাতা কি জয়' স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা চত্বর। রাজনৈতিক মহলের মতে, প্রতিষ্ঠা দিবসের এই কর্মসূচী ঝাড়গ্রাম বিধানসভা এলাকায় বিজেপির নির্বাচনী প্রচারে এক নতুন মাত্রা যোগ করল।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande