
হাওড়া, ৬ এপ্রিল (হি.স.): হাওড়ায় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূলের মধ্যে বচসা। আর তা থেকে সোমবার তুমুল উত্তেজনা ছড়াল হাওড়ার ওল্ড কালেক্টরেট ভবনের কাছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ময়দানে নামানো হয় র্যাফ। এ দিন দুপুরে হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনে থেকে মিছিল করে এগিয়ে আসেন সিপিএম–এর কর্মীরা। অন্যদিকে তৃণমূলেরও একটি মিছিল আসে। হাওড়ার ওল্ড কালেক্টরেট ভবনের কাছাকাছি এলাকায় মিছিল দু’টি মুখোমুখি হতেই দু’পক্ষ স্লোগান দিতে শুরু করে।
অভিযোগ, সিপিএমের কর্মীরা ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকেন। আওয়াজ ওঠে ‘তৃণমূল দূর হঠো’। পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান তোলেন তৃণমূলের সমর্থকরা। তৃণমূলের অভিযোগ, তাঁরা ডোমজুড় থেকে প্রার্থীর সঙ্গে মনোনয়ন জমা দিতে এসেছেন। কিন্তু তাঁদের কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। অথচ সিপিএমের লোকেরা ঢুকে যায় বলে অভিযোগ। পাল্টা সিপিএমের দাবি, তাঁদের পাঁচ জন প্রতিনিধিই ভিতরে গেছিলেন। পরে প্রশাসনের লোকেরা ব্যারিকেড সরিয়ে দিলে বাকিরা ভিতরে ঢোকেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ