
মুর্শিদাবাদ, ৬ এপ্রিল (হি. স.): বহরমপুর বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনায় ভেসে গেলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। সোমবার সকাল থেকেই তিনি খাগড়া ষষ্ঠীতলা এলাকা থেকে প্রচার শুরু করেন। এরপর পাউন্ড রোড হয়ে একাধিক পাড়ায় ঘুরে তেলগড়িয়া এলাকায় গিয়ে এ দিনের প্রচার শেষ করেন।প্রচারের সময় সব জায়গায় স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজরে পড়ে। বহু জায়গায় বাড়ির বয়স্করা ঘর থেকে বেরিয়ে এসে তাঁকে শুভেচ্ছা জানান। কোথাও আবার ফুলের পাপড়ি ছড়িয়ে তাঁকে স্বাগত জানানো হয়। এমনকি শারীরিক অসুস্থতা সত্ত্বেও এক প্রবীণ ব্যক্তি ভাঙা পা নিয়ে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে প্রার্থীকে এক ঝলক দেখার চেষ্টা করেন।এই উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত অধীর চৌধুরী স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মানুষের এই ভালোবাসাই তাঁর শক্তি এবং আগামী দিনে এলাকার উন্নয়নে কাজ করার প্রেরণা জোগাবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়