ইডেনে কেকেআর বনাম পাঞ্জাব কিংস, জার্সি-টুপির রমরমা বাজার
কলকাতা, ৬ এপ্রিল (হি. স.): আইপিএল-এর মহোৎসব ফিরল ইডেনে। সোমবার সন্ধ্যা গড়াতেই তিলোত্তমার রাজপথ মুখরিত হয়ে উঠল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর অনুরাগীদের কলতানে। ঘরের মাঠে প্রিয় দলের খেলা দেখতে ইডেনমুখী জনতার ঢল নেমেছে এসপ্ল্যানেড থেকে ময়দান চত্বর
ইডেনে মহারন উৎসাহীদের প্রবল ভিড় উপচে


কলকাতা, ৬ এপ্রিল (হি. স.): আইপিএল-এর মহোৎসব ফিরল ইডেনে। সোমবার সন্ধ্যা গড়াতেই তিলোত্তমার রাজপথ মুখরিত হয়ে উঠল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর অনুরাগীদের কলতানে। ঘরের মাঠে প্রিয় দলের খেলা দেখতে ইডেনমুখী জনতার ঢল নেমেছে এসপ্ল্যানেড থেকে ময়দান চত্বরে। আর এই ক্রিকেট উন্মাদনাকে ঘিরে ময়দান চত্বরে এখন রীতিমতো মেলা বসেছে।

​এদিন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ইডেন পর্যন্ত রাস্তার দু’ধারে দেখা গেল জার্সি ও টুপির রমরমা বাজার। কেকেআর-এর বেগুনি জার্সি বিকোচ্ছে ১৫০ টাকায়, আর প্রিয় দলের লোগো দেওয়া টুপি মিলছে ১০০ টাকায়। সব বয়সের ক্রীড়ানুরাগীদের কাছেই এই জার্সি-টুপি এখন প্রথম পছন্দ। শুধু তাই নয়, মাঠে ঢোকার আগে গাল বা হাতে প্রিয় দলের নাম কিংবা জাতীয় পতাকা আঁকিয়ে নিতে ব্যস্ত দর্শকরা। মাত্র ২০ টাকার বিনিময়ে রঙ-তুলি হাতে পসরা সাজিয়ে বসেছেন শিল্পীরাও। কয়েক ঘণ্টার এই উন্মাদনায় দু'পয়সা লাভের মুখ দেখছেন তাঁরা।

​অন্যদিকে, খেলাকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলার ওপর বিশেষ জোর দিয়েছে লালবাজার। ইডেন গার্ডেন্স ও সংলগ্ন ময়দান চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পথচারী এবং দূর-দূরান্ত থেকে আসা দর্শকদের সহায়তার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে খোলা হয়েছে একাধিক 'ইনফরমেশন কিয়স্ক'। মাঠের প্রবেশপথ চেনা থেকে শুরু করে যে কোনও সমস্যায় দর্শকদের পাশে দাঁড়াতে তৎপর পুলিশ কর্মীরা। সব মিলিয়ে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ইডেনে কেকেআর বনাম পাঞ্জাব কিংসের লড়াইকে কেন্দ্র করে উত্তেজনার পারদ তুঙ্গে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande