
জলপাইগুড়ি, ৬ এপ্রিল (হি. স.):- দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, বুধবার বিভিন্ন জেলায় প্রবল কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।এছাড়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে।আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা কম থাকবে। তবে শুক্রবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা ফের ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।উত্তরবঙ্গেও বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বুধবার কালবৈশাখীর প্রভাব বেশি দেখা যেতে পারে বলে পূর্বাভাস।আবহাওয়ার এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়