
আসানসোল, ৬ এপ্রিল (হি. স.) : পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের সামডি এলাকায় ধসের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে। রবিবার দুপুরে গ্রামের একটি মন্দিরের সামনে আচমকাই ধস নামে। সময় যত গড়িয়েছে, ধসের পরিধি ততই বেড়েছে, ফলে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।ঘটনার জেরে সোমবার সকাল থেকে ক্ষুব্ধ গ্রামবাসীরা সামডি কোলিয়ারির উৎপাদন ও পরিবহন বন্ধ করে বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, ধসের জায়গার অদূরেই রয়েছে বসতি এলাকা এবং এই পরিস্থিতি চলতে থাকলে গোটা গ্রামই বিপদের মুখে পড়বে। দ্রুত পুনর্বাসনের দাবিতে তাঁরা সরব হন।স্থানীয়দের আরও অভিযোগ, ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ইসিএল-এর কোনও আধিকারিক ঘটনাস্থলে আসেননি। ধসের ফলে মন্দিরের পাঁচিলের একাংশ ভেঙে পড়েছে এবং আশপাশের মাটিতে বড় বড় ফাটল দেখা দিয়েছে।বাসিন্দাদের দাবি, পাশের খোলামুখ কয়লা খনিতে নিয়মিত ব্লাস্টিংয়ের জেরেই এই ধসের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ে এলাকায় চরম উদ্বেগ তৈরি হয়েছে এবং যেকোনও সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন গ্রামবাসীরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়