
মালদা, ৬ এপ্রিল (হি. স.): লোকসভা নির্বাচনের আবহে ফের বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনা ঘটল মালদা জেলায়। সোমবার সকালে হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচণ্ডী নতুন বাসস্ট্যান্ড এলাকায় নাকা তল্লাশির সময় একটি ছোট গাড়ি থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার হয়। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে চলা এই অভিযানে উদ্ধার হওয়া নগদের কোনও বৈধ নথি দেখাতে না পারায় তা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে অবৈধ নগদ লেনদেন রুখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নাকা চেকিং জোরদার করা হয়েছে। সেইমতো বুলবুলচণ্ডী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। সোমবার সকালে সুজাপুরের দিক থেকে আসা একটি ছোট গাড়িকে থামিয়ে তল্লাশি চালান কর্তব্যরত আধিকারিকরা। তখনই গাড়িটি থেকে ওই ২ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার হয়।
মালদা জেলা নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া অর্থের উৎস সম্পর্কে গাড়ির চালক কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এমনকি ওই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়ার সপক্ষে কোনও বৈধ কাগজপত্রও তিনি দেখাতে ব্যর্থ হন। এরপরই নিয়ম অনুযায়ী নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
ঘটনায় গাড়িটি আটক করা হয়েছে। ওই টাকা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উল্লেখ্য, রাজ্য জুড়ে নির্বাচনের আগে প্রশাসনের এই কড়াকড়ি ও লাগাতার নগদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত