
পূর্ব বর্ধমান, ৬ এপ্রিল (হি.স.): পূর্ব বর্ধমান ও নদিয়ার তৃণমূল প্রার্থীদের সমর্থনে সোমবার পূর্ব বর্ধমান জেলায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বস্থলীর সমুদ্রগড়ে নিমতলা মাঠে এই সভা হয়। উপস্থিত ছিলেন প্রার্থীরা ও দলের কর্মী-সমর্থকেরা। বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন কমিশনকে ‘তোতাপাখি কমিশন’ বলে কটাক্ষ করলেন তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতা ও প্রার্থীদের সতর্ক করে তিনি বলেন, ইভিএম ভাল করে চেক করতে হবে। কোনও মেশিন খারাপ হয়ে গেলে সারিয়ে ভোট হবে না। চিপ ঢুকিয়ে দেবে, হ্যাকিং হবে। বিজেপির চক্রান্তের অভিযোগ তুলে আক্রমণ করে তিনি বলেন, আগে বাংলাভাষী লোকেদের অনুপ্রবেশকারী বলা বন্ধ করুন। বাংলায় কথা বললে মারধর করা হয়। অযোধ্যা দিয়ে দু’শো গাড়ি সিআরপি আসছে। বিহারী যাঁরা এখানকার ভোটার, তাঁদের কথা বলছি না। সেন্ট্রাল ফোর্সের গাড়িতে টাকা আসছে আর বিজেপির পকেটে যাচ্ছে। ভারত সরকারের লোকেদের সঙ্গে আসছে। ব্যাভিচার, স্বৈরাচার, অত্যাচার সীমা ছাড়িয়ে গিয়েছে। বিজেপি সব সীমা ছাড়িয়ে গিয়েছে।
এছাড়া, বক্তব্যে নেত্রী পূর্ব বর্ধমান ও নদিয়া দুই জেলার উল্লেখযোগ্য বিষয়গুলি তুলে ধরেন। বলেন, সমুদ্রগড়ে একটা মিটিং আমি করি। এক দিকে পবিত্র তীর্থস্থান নবদ্বীপ, চৈতন্য মহাপ্রভু এই জেলার। পৃথিবীতে সব চেয়ে বেশি শান্তির কথা বলেছেন উনি। ৩০০ কোটি টাকা খরচ করে নবদ্বীপকে হেরিটেজ টাউন করা হয়েছে। বলেন, নদিয়া কাঁসার বাসন, মাটির পুতুল, শান্তিপুর, ফুলিয়ার শাড়ির জন্য বিখ্যাত। তার পরেই উল্লেখ করেন বর্ধমান শস্যে ভরা, সবুজ বিপ্লবের প্রতিধ্বনী। বর্ধমানের নাম এলেই ল্যাংচা, সীতাভোগ, মিহিদানার কথা আসবে। মিষ্টি হাব তৈরি করা হয়েছে। কালনা থেকে শান্তিপুরের মধ্যে সেতু তৈরি করছি এক হাজার একশো কোটি টাকা দিয়ে, কাজ চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ