
নদিয়া, ৬ এপ্রিল (হি.স.): বিধানসভা ভোটের প্রচারে ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপি তথা কমিশনের উদ্দেশে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দলীয় প্রার্থীর সমর্থনে নদিয়ার শান্তিপুরের সভায় তিনি বলেন, উত্তর প্রদেশ থেকে আসছে কেন্দ্রীয় বাহিনী। তারা এসেছে অত্যাচার করতে। বিজেপি বাইরে থেকে ভোটার আনছে বলে ফের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শান্তিপুরে নির্বাচনী সভায় তিনি বলেন, উত্তর প্রদেশ থেকে ২০০টি বাস আসছে শুনলাম। তার মধ্যে কী আছে, কে জানে!
বিজেপির তোলা অনুপ্রবেশ সংক্রান্ত অভিযোগের পাল্টা তৃণমূল নেত্রী বলেন, বিজেপি জনবিন্যাস বদলের কথা বলে! যদি কেউ তা করে থাকে তারা হলো বিজেপি। ভোটার তালিকা থেকে নাম বাদের অভিযোগেও বিজেপিকে নিশানা করেছেন তিনি। তৃণমূলের জেতা আসনগুলি বেছে ভোটারের নাম কাটা হচ্ছে বলেও অভিযোগ করেন তৃণমূল নেত্রী। তাঁর কথা, আমার কেন্দ্রেও (ভবানীপুর) ৪০ হাজারের বেশি নাম কেটেছে। পারলে এক লক্ষ কাটো। তবু জিতব।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ