
মালদা, ৬ এপ্রিল (হি.স.): মনোনয়নপত্র জমা দিলেন মালতীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। সোমবার মনোনয়ন দাখিলের সময় তাঁর সমর্থনে সামসি ও পার্শ্ববর্তী এলাকায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মনোনয়ন জমা দেওয়ার পর আত্মবিশ্বাসী মৌসম বলেন, মানুষের এই বিপুল ভালোবাসা ও সমর্থন, এই জনজোয়ারই প্রমাণ করছে মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। আসন্ন নির্বাচনে মালতীপুর আসন থেকে নিজের জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি শাসকদলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। মৌসমের হুংকার, এবারের নির্বাচনে মালতীপুরে পরিবর্তন নিশ্চিত। শুধু তাই নয়, গোটা মালদা জেলাতেই এবার তৃণমূল শূন্য হবে।
মালদার নির্বাচনী প্রচারে গিয়ে মৌসমকে এক হাত নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ‘পলাতক’ বলেও কটাক্ষ করেছিলেন। একসময় তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাওয়া মৌসমের কংগ্রেসে প্রত্যাবর্তন, মালতীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে মালদার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। মমতার বক্তব্যের পাল্টা জবাবে এ দিন তৃণমূলকে মালদায় ‘শূন্য’ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মৌসম, তেমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ