
কলকাতা, ৬ এপ্রিল (হি.স.): ব্যস্ত সময়ে মেট্রোয় ভোগান্তি। কলকাতা মেট্রো সূত্রে জানা গেছে, এমজি রোড স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’র চেষ্টা হয়। সোমবার বেলা সাড়ে ১১টার পর পরিষেবা ব্যাহত হয়। দমদম, গিরিশ পার্ক, ময়দান— একের পরে এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো। যাত্রীদের মেট্রো ফাঁকা করে দেওয়ার অনুরোধ করা হয়। যদিও দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় বলে মেট্রো কর্তৃপক্ষের দাবি।
ব্লু লাইন মেট্রো পরিষেবায় সোমবার যাত্রীদের চাপ বেশি থাকে। বেলার দিকে অফিস টাইমে যাত্রীদের চাপ অনেকটাই দেখা যায়। এদিন বেলা সাড়ে ১১টার পর ব্লু লাইনের মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, মেট্রোটি প্ল্যাটফর্মে ঢুকছিল, তখনই একজন মেট্রোর সামনে ঝাঁপ দেন। চালক দ্রুত মেট্রো থামানোর চেষ্টা করেন। ঘটনার পর মেট্রো পরিষেবা সাময়িক বন্ধ করে দেওয়া হয়। পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েন যাত্রীরা। বহু মানুষ সমস্যায় পড়েন। দুর্ভোগ বাড়তে শুরু করে। কিছু সময় পর আংশিক পথে মেট্রো চালিয়ে পরিষেবা সচল করা হয়। দমদম থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়। ফলে কিছুটা যাত্রী সমস্যার উপশম হয়। লাইনের বিদ্যুৎ বন্ধ করে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বেলা ১২টার পর মেট্রো পরিষেবা স্বাভাবিক হয় বলে খবর।
দিন কয়েক আগেও ব্লু লাইন মেট্রোতে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছিল। ব্লু লাইনের মতো ব্যস্ত লাইনে বার বার এই ধরনের ঘটনায় মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ