
গুয়াহাটি, ৬ এপ্রিল (হি.স.) : নিরাপত্তা মজবুতকরণ, সমন্বয় সাধন এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)-র ডিরেক্টর জেনারেল (ডিজি) সোনালী মিশ্র (আইপিএস) গতকাল এবং আজ মঙ্গলবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েতে দুদিনজোরা কার্যসূচির বিস্তারিত পরিদর্শন করেছেন। গুয়াহাটি পরিদর্শনকালে রেলওয়ে সুরক্ষা বাহিনীর ডিরেক্টর জেনারেল প্রটোকল মেনে একটি বিস্তারিত নির্বাচনী ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন এবং ‘রংভবন’-এ আয়োজিত ‘সুরক্ষা সম্মেলন’-এ উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন পরিকাঠামো উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।
রেলওয়ে সুরক্ষা বাহিনীর ডিজি সোনালী মিশ্র গুয়াহাটিতে অবস্থিত রেলওয়ে সুরক্ষা বাহিনীর পোস্টটি বিস্তারিতভাবে পরিদর্শন করেন এবং অসমের ডিজিপি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। এর মাধ্যমে সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত সমন্বয় আরও মজবুত করা হয়। এছাড়া তিনি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এবং বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে রেলওয়ে সুরক্ষা, পরিচালন দক্ষতা ও সামগ্রিক প্রস্তুতির সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর বিস্তারিত আলোচনা করেন। আরপিএফ-র ডিজি শ্রীমতি মিশ্র উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (নির্মাণ)-র জিএম আশিস বনসলের সাথে আলোচনা করে সুরক্ষার দৃষ্টিকোণ থেকে উত্তর-পূর্বাঞ্চলের নতুন রেলওয়ে প্রকল্পগুলির অগ্রগতির পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে মালিগাঁওয়ের পিসিএসসি রিজার্ভ কোম্পানিতে একটি অফিস-কাম-ব্যারাক নির্মাণের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। নির্মীয়মাণ প্রজেক্টটি এই অঞ্চলে রেলওয়ে সুরক্ষা বাহিনীর পরিকাঠামো শক্তিশালী করবে এবং তাদের পরিচালন ক্ষমতা বৃদ্ধি করবে। শ্রীমতি মিশ্র উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের নির্বাচন-প্রস্তুতির ওপর একটি বিস্তারিত পর্যালোচনা করেছেন। নিরাপদ, সুরক্ষিত ও নিরবচ্ছিন্ন রেল চলাচল নিশ্চিত করার লক্ষ্যে বর্ধিত সতর্কতা, সুগম সমন্বয় এবং সক্রিয় সুরক্ষা ব্যবস্থার গুরুত্বের ওপর জোর দেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস