
কলকাতা, ৬ এপ্রিল (হি. স.): যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শর্বরী মুখার্জি সোমবার আলিপুরের ট্রেজারি বিল্ডিংয়ে নিজের মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুর কেন্দ্রে বিজেপির জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন।শর্বরী মুখার্জি বলেন, যাদবপুর শিক্ষিত সমাজের মানুষের এলাকা এবং সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন। তিনি দাবি করেন, অনেক জায়গায় বিজেপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হলেও মানুষের মনের মধ্যে বিজেপির প্রতি সমর্থন রয়েছে। মানুষের সঙ্গে কথা বলে তিনি জয়ের ব্যাপারে আরও আশাবাদী হয়েছেন বলেও জানান।তিনি আরও বলেন, তৃণমূলকে ভোট দেওয়া মানে ভবিষ্যতে আরও বেকারত্ব বাড়বে এবং চাকরি সংক্রান্ত দুর্নীতির মতো ঘটনা আবার ঘটবে। তিনি ২৬ হাজার চাকরি বাতিলের প্রসঙ্গ টেনে বলেন, সেই পরিস্থিতিতে শিক্ষকদের যে অপমান সহ্য করতে হয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক।যাদবপুরের উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে তিনি মানুষের সমর্থন চান। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে বিজেপির নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়