টালিগঞ্জে উন্নয়ন না হওয়ার অভিযোগ, নমিনেশন জমা দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী
কলকাতা, ৬ এপ্রিল (হি. স.) :- টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী সোমবার বেহালা নিউ ট্রেজারি বিল্ডিংয়ে নিজের মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং টালিগঞ্জ এলাকার উন্নয়ন নি
পাপিয়া অধিকারী


কলকাতা, ৬ এপ্রিল (হি. স.) :- টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী সোমবার বেহালা নিউ ট্রেজারি বিল্ডিংয়ে নিজের মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং টালিগঞ্জ এলাকার উন্নয়ন নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।পাপিয়া অধিকারী অভিযোগ করে বলেন, টালিগঞ্জ বিধানসভা এলাকায় গত কয়েক বছরে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। এলাকার বহু জায়গায় নিকাশি ব্যবস্থার অবস্থা খারাপ, ড্রেন পরিষ্কার করা হয় না, ফলে দুর্গন্ধে সাধারণ মানুষকে ভুগতে হয়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় মদের দোকান ও অসামাজিক কার্যকলাপ বেড়েছে, যার ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।তিনি আরও বলেন, টালিগঞ্জের মানুষ পরিবর্তন চাইছেন এবং বিজেপির প্রতি মানুষের সমর্থন বাড়ছে। এলাকার রাস্তা, নিকাশি, পানীয় জল, আলো সহ বিভিন্ন নাগরিক পরিষেবা উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। সাধারণ মানুষের সমস্যা সমাধান করাই তাঁর মূল লক্ষ্য বলে জানান বিজেপি প্রার্থী।মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে দলের কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande