
উত্তর ২৪ পরগনা, ৬ এপ্রিল (হি.স.): বসিরহাট উত্তরে ভোটার তালিকা ঘিরে উত্তেজনা তৈরি হলো। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট ২ ব্লকের ধান্যকুড়িয়া পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে প্রায় ৯০০ ভোটারের মধ্যে ৩৪৩ জনের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। ক্ষুব্ধ গ্রামবাসীরা সোমবার টাকি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, পূর্বপুরুষদের আমল থেকে বসবাস করা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম কাটা হয়েছে।
এদিকে, চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মৃত্যুর অভিযোগ উঠলো। সোমবার সকালে পুরাতন মালদার মাধাইপুরে বাড়ি থেকে ঢিল ছোড়া দুরুত্বে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম কাবিল শেখ। পুলিশ দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। সোমবার সকালে জমিতে বিদ্যুতের খুঁটিতে তাঁর ঝুলন্ত দেহ মেলে। মৃতের পরিবারের দাবি, ভোটার তালিকায় কাবিলের নাম বিবেচনাধীন ছিল। পরে নাম বাদ পড়ে। তার পরেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্য দিকে, চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় উদ্বেগে ছিলেন দক্ষিণ দিনাজপুরের বংশীহরি ব্লকের বাসিন্দা জামাল মিয়াঁ। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। জামাল স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে দিল্লিতে থাকতেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হলে সপরিবারে বাড়ি ফেরেন। চূড়ান্ত ভোটার তালিকায় সবার নাম উঠলেও জামালের নাম বিবেচনাধীন ছিল। পরে নাম বাদ পড়ে। পরিজনদের অভিযোগ, ভোটার তালিকায় নাম বাদ পড়াতেই এই মৃত্যু।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ