
কলকাতা, ৬ এপ্রিল (হি. স.): প্রথম দফার মনোনয়নপত্র দাখিলের সময়সীমা সোমবার শেষ হলেও, দ্বিতীয় দফার প্রার্থীরা আর কালক্ষেপ না করে এদিনই তাঁদের মনোনয়ন পর্ব সেরে নিলেন। সপ্তাহের প্রথম কাজের দিনে কলকাতা দক্ষিণ ও সংলগ্ন এলাকার শাসকদলের তিন হেভিওয়েট প্রার্থী আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
তৃণমূল কংগ্রেসের পক্ষে এদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমার এবং কলকাতা বন্দর কেন্দ্রের প্রার্থী ফিরহাদ হাকিম। সোমবার দুপুরেই তাঁরা নির্বাচন আধিকারিকের দফতরে পৌঁছে যান। মনোনয়নপত্র দাখিলের জন্য এদিন সার্ভে বিল্ডিং চত্বরে ছিল কড়া পুলিশি প্রহরা। নিরাপত্তার স্বার্থে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভেতরে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ছিল।
এদিন বেলা গড়াতেই নিজের নির্বাচনী কেন্দ্র কলকাতা বন্দরের হয়ে মনোনয়ন জমা দিতে হাজির হন ফিরহাদ হাকিম। চেতলা থেকে হুডখোলা গাড়িতে চড়ে অনুগামীদের পরিবৃত হয়ে তিনি আলিপুরে পৌঁছান। ফিরহাদ হাকিমের সঙ্গে এদিন সপরিবারে তাঁর স্ত্রী ও কন্যাকেও দেখা যায়। তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, এদিন দুপুর তিনটে পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের সময়সীমা। শাসকদলের এই তিন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন পেশকে কেন্দ্র করে আলিপুর চত্বরে রাজনৈতিক তৎপরতা ছিল তুঙ্গে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত