

- অবৈধ দখল ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে বিজেপি, অসমের ভূমি, সংস্কৃতি ও পরিচয় রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ দল : প্রধানমন্ত্রী
হোজাই (অসম), ৬ এপ্রিল (হি.স.) : বিজেপির কাছে ‘দেশ প্রথম’, আর কংগ্রেসের কাছে দেশ নয় ‘পরিবার প্রথম’, বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সোমবার অসমের হোজাইয়ে ‘বিজয় সংকল্প সভা’ শীৰ্ষক নির্বাচনী সমাবেশে কংগ্রেসকে আক্রমণ করে দলের আদৰ্শ ও নীতির সমালোচনা করে বিজেপির উন্নয়ন ও সুশাসনের দৃষ্টিভঙ্গির সঙ্গে তুলনা করেন প্ৰধানমন্ত্ৰী। তাই তিনি জনগণকে কংগ্রেস সম্পর্কে সতর্ক থাকতে বলেন। আজকের সমাবেশে তিনি পশ্চিম এশিয়ার চলমান সংকটের প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল রাখার প্রতিশ্রুতির কথা বলেছেন।
অসমে আজ দুটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে বরপেটা এবং হোজাইয়ে দ্বিতীয় সমাবেশে স্বভাবসুলভভাবে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, কংগ্রেস দল এখনও দিল্লির একটি ‘শাহী পরিবার’-এর সেবা করতেই ব্যস্ত। অসমেও দলটির নেতৃত্ব একটি পরিবারের কবজায়।
বিজেপির শাসন-মডেল সম্পর্কে বলতে গিয়ে মোদী বলেন, তাঁর দল অসমের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে ধারাবাহিক উন্নয়নমূলক কাজ করে চলেছে। তিনি দাবি করেন, বিজেপি ‘দেশ প্রথম’ এবং ‘জনতা প্রথম’ নীতিতে কাজ করে, যা কংগ্রেসের বংশানুক্রমিক রাজনীতির সম্পূর্ণ বিপরীত।
প্রধানমন্ত্রী কংগ্রেসকে দুর্নীতির অভিযোগে আক্রমণ করে বলেন, ‘শাহী পরিবার’-এর সদস্যরা বিভিন্ন মামলায় জামিনে রয়েছেন। তিনি বলেন, এ সব বিষয় দলের অতীত রেকর্ডকে তুলে ধরে এবং তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে।
কংগ্রেসশাসিত রাজ্যগুলোর সঙ্গে তুলনা করতে গিয়ে মোদী হিমাচল প্রদেশের উদাহরণ দেন। তিনি বলেন, নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু পরে সেগুলো পূরণ করা হয়নি। তিনি দাবি করেন, ওই পাহাড়ি রাজ্যে কংগ্রেস সরকার সরকারি কর্মচারীদের বেতনও কমিয়ে দিয়েছে, যা জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
মোদী বলেন, এই উদাহরণগুলো কংগ্রেসের কাজ করার ধরণকে তুলে ধরে, যেখানে ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় না। তিনি অসমের ভোটারদের কংগ্রেস সম্পর্কে সতর্ক থাকতে এবং বিজেপির ওপর আস্থা রাখতে আহ্বান জানান। বলেন, বিজেপি সবসময় প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করে এবং করেছে।
বিজেপির উন্নয়নমূলক কর্মসূচির খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অসমের মানুষের অগ্রগতি, স্থিতিশীলতা এবং উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।
প্রধানমন্ত্রী অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেসকে ধুয়েছেন। বলেন, ‘কংগ্রেস অনুপ্রবেশকে সমর্থন করে। অসমে অনুপ্রবেশকারীদের লালকার্পেট বিছিয়ে আপ্যায়ন করায় আজ তারা অসমের ভূমিপুত্রদের বিপুল পরিমাণ জমি দখল করেছে। এটা তাদের ভোটব্যাংক রাজনীতির ফল।’
এর বিপরীতে তিনি বলেন, কেন্দ্র ও অসমে বিজেপি সরকার দৃঢ়তার সঙ্গে এ ধরনের কবজাকৃত জমি পুনরুদ্ধার করতে এবং স্থানীয় মানুষের অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে। বলেন, আমাদের সরকার অবৈধ দখল ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। আমরা অসমের জমি, সংস্কৃতি ও পরিচয় রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, সরকার যখনই অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কংগ্রেস তার বিরোধিতা করে তাদের সমর্থনে সামনে আসে। তারা প্রকাশ্যে অবৈধভাবে জমি দখলকারীদের পাশে দাঁড়াচ্ছে, বলেন প্রধানমন্ত্রী।
পশ্চিম এশিয়ার চলমান সংকটের প্রসঙ্গ তুলে ধরে তাঁর সরকারের পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল রাখার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বড় বৈশ্বিক সংকট সত্ত্বেও ভারতে জ্বালানির দাম বাড়তে দেওয়া হয়নি। এর বিপরীতে তিনি উল্লেখ করেন, হিমাচল প্রদেশে কংগ্রেস সরকার পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে। তিনি এটিকে এমন এক প্রবণতা হিসেবে সমালোচনা করেন, যেখানে নির্বাচনের আগে স্বস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু নির্বাচনের পর নেওয়া নীতিতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এর অর্থ, নির্বাচনের আগে এই ‘রাজপরিবার’ জনগণকে স্বস্তির কথা বলে, কিন্তু নির্বাচনের পর মানুষকে সমস্যায় ফেলে। তাই অসমের প্রতিটি পরিবারকে তাদের সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে, বলেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকট বিশ্বজুড়ে সমস্যা তৈরি করেছে, কিন্তু বিজেপি সরকার এখনও নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, বৈশ্বিক সংকটের প্রভাব থেকে গরিব, মধ্যবিত্ত এবং কৃষকদের রক্ষা করা সরকারের প্রধান লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস