
হাফলং (অসম), ৬ এপ্রিল (হি.স.) : হাতেগোনা দুদিন। ৯ এপ্রিল অসম বিধানসভা নির্বাচন। সচরাচর ভোটের একদিন আগে ভোট-সরঞ্জাম নিয়ে নির্ধারিত ভোটকেন্দ্রের উদ্দেশে রওয়ানা হন ভোটকর্মীরা। কিন্তু ১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলং আসনের অন্তর্গত দুর্গম এলাকায় ভোটকেন্দ্রের উদ্দেশে একদিন আগে আগামীকাল মঙ্গলবার প্রথম দফায় রওয়ানা হবেন ভোটকর্মীরা।
ডিমা হাসাও জেলা নির্বাচন আধিকারিক দফতর সূত্রে এ খবর দিয়ে জানানো হয়েছে, জেলার প্রত্যন্ত জিনামভ্যালি ভোটগ্রহণ কেন্দ্রে যেতে হলে হাফলং থেকে শিলচর গিয়ে হরিনগর হয়ে যেতে হয়। তাই ৭ এপ্রিল প্রথম দফায় জিনামভ্যালির ভোটকেন্দ্রগুলির ভোটকর্মীরা ইভিএম ইত্যাদি নিয়ে নিজেদের নিৰ্ধারিত ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
দ্বিতীয় দফায় ৮ এপ্রিল বাকি ভোটকেন্দ্রের ভোটকর্মীরা নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হবেন, জানিয়েছে জেলা নির্বাচন আধিকারিক দফতরের সূত্র।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব